বিএডিসিতে দুর্নীতির অভিযোগ, দুদকের তদন্ত দাবি

Date: 2026-11-08
news-banner

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সবজি বীজ বিভাগকে ঘিরে সরকারি ক্রয়প্রক্রিয়ায় অনিয়ম, নিম্নমানের বীজ সরবরাহ, সার আত্মসাৎ এবং ব্যক্তিগত অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন সংস্থাটির সবজি বীজ বিভাগের যুগ্মপরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ। ২০২৪ সালের পেঁয়াজ বীজ সরবরাহ, ২০২৬-২৭ অর্থবছরের পলিব্যাগ ক্রয়, অতীতের সার আত্মসাৎ এবং নারীঘটিত ব্যক্তিগত অভিযোগ নিয়ে তাঁর বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অভিযোগকারীরা। তাঁদের দাবি, শুধু অভ্যন্তরীণ তদন্ত নয়, কৃষি মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পৃক্ত করে একটি স্বাধীন ও প্রভাবমুক্ত তদন্ত কমিটি গঠন করতে হবে।
অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর হলো ২০২৪ সালে কৃষকদের মধ্যে বিতরণ করা পেঁয়াজের বীজের অঙ্কুরোদ্গম ব্যর্থতার ঘটনা। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ওই বছর বিএডিসির সরবরাহ করা ৩৪ মেট্রিক টন পেঁয়াজের বীজ দেশের ৫৯ জেলায় ৩৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। কিন্তু কৃষকদের অভিযোগ, যথাসময়ে ও নিয়ম মেনে বীজ বপন করার পরও প্রায় ৯৫ শতাংশ বীজ থেকে চারা গজায়নি। ফলে বিপুলসংখ্যক কৃষক ক্ষতির মুখে পড়েন এবং সরকারি প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হয়।
**পেঁয়াজ বীজ ক্রয়ে প্রশ্নবিদ্ধ দরপত্র**
নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে শীতকালীন প্রণোদনার পেঁয়াজ বীজ সংগ্রহে ই-জিপিতে আহ্বান করা দরপত্রের (টেন্ডার আইডি-১০২১৮৫২) মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। অভিযোগ অনুযায়ী, লাল তীর প্রতি কেজি বীজের দর ৪ হাজার ৫০০ টাকা উল্লেখ করলেও গোল্ডেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ২ হাজার ৫০ টাকা দরে বীজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ক্রয়প্রক্রিয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা, বীজের গুণগত মান এবং দরপত্র মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, ২০২৪ সালের ২৯ অক্টোবর ৩০৯ নম্বর স্মারকে প্রতিষ্ঠানটিকে ক্রয়াদেশ দেওয়া হয়। ক্রয়াদেশের শর্ত অনুযায়ী সবজি বীজ বিভাগের যুগ্মপরিচালকের সরাসরি তত্ত্বাবধানে বীজ সরবরাহের কথা থাকলেও সরবরাহ করা বীজের গুণগত মান যথাযথভাবে যাচাই করা হয়নি।
পরবর্তী সময়ে বিএডিসি একটি তদন্ত কমিটি গঠন করে। তবে অভিযোগকারীদের দাবি, তদন্ত প্রক্রিয়ায় স্বার্থের সংঘাত ও প্রভাব বিস্তারের প্রশ্ন দেখা দেয়। ওই তদন্তের পর সংস্থাটির দুই কর্মকর্তা যুগ্মপরিচালক ড. মো. মাহবুবুর রহমান ও উপপরিচালক শাহানা আক্তার সাময়িক বরখাস্ত হন বলে নথিতে উল্লেখ রয়েছে। অভিযোগকারীরা মনে করছেন, প্রকৃত দায় নির্ধারণ এবং তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে পুরো ঘটনাটি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।
**পলিব্যাগ ক্রয়েও অনিয়মের অভিযোগ**
বিএডিসির ২০২৬-২৭ অর্থবছরের পলিব্যাগ ক্রয়সংক্রান্ত ই-জিপি দরপত্র নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পাঁচটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে মূল্যায়নের নির্ধারিত পর্যায়ে পৌঁছালেও সামিহা এন্টারপ্রাইজকে কাজ না দিয়ে ‘টার্ন’ নামের একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
অভিযোগকারীদের দাবি, নির্বাচিত প্রতিষ্ঠানটির পূর্ব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগও তোলা হয়েছে। কাজটি পরবর্তী সময়ে অন্য একটি প্যাকেজিং প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারদের একাংশ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, সরকারি ক্রয়ে যোগ্যতা, অভিজ্ঞতা, পণ্যের গুণগত মান এবং প্রতিযোগিতামূলক মূল্যায়ন নিশ্চিত করা বাধ্যতামূলক। এসব ক্ষেত্রে অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
**সার আত্মসাতের পুরোনো অভিযোগ**
মেসবাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ২০২২ ও ২০২৩ সালের দুটি সার আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। নথি অনুযায়ী, ২০২২ সালে বিএডিসির ঢাকা অঞ্চলের সার বিভাগে দায়িত্ব পালনকালে টোলারবাগে সংস্থার স্টাফ কোয়ার্টারের মাঠে সাময়িকভাবে সংরক্ষিত সার থেকে ৫০ মেট্রিক টন সার গায়েব হওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া ২০২৩ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার সার গুদাম থেকে ভুয়া চালানের মাধ্যমে ২৫০ মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গুদামের স্টোরকিপার মো. ওবায়দুল ইসলাম সাময়িক বরখাস্ত হন বলে নথিতে উল্লেখ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, ওবায়দুল ইসলাম তাঁর লিখিত বক্তব্যে সার আত্মসাতের ঘটনায় মেসবাহ উদ্দিন আহমেদের নির্দেশনার কথা উল্লেখ করেছিলেন। নথিতে আরও অভিযোগ করা হয়েছে, সার আত্মসাতের ঘটনার তদন্তের সময় আড়াইহাজার গুদামে তদন্ত কমিটি উপস্থিত হলে মেসবাহ উদ্দিন আহমেদ স্টোরকিপারের মোবাইল ফোন হাতে নিয়ে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ বার্তাগুলো মুছে দেন। অভিযোগ অনুযায়ী, বিদেশে অবস্থানকালেও তিনি ওই স্টোরকিপারকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। এসব অভিযোগের সত্যতা নির্ধারণে তদন্ত প্রতিবেদন, লিখিত জবানবন্দি, গুদামের মজুত রেজিস্টার, চালান এবং সংশ্লিষ্ট ডিজিটাল তথ্য যাচাই করা প্রয়োজন।
**নারীঘটিত ব্যক্তিগত অসদাচরণের অভিযোগ**
মেসবাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে নারীঘটিত ব্যক্তিগত অসদাচরণের অভিযোগও রয়েছে। মূল নথিতে উল্লেখ করা হয়েছে, বিএডিসির সার বিভাগের ঢাকা অঞ্চলের যুগ্মপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তাঁর দপ্তরের এক কর্মচারীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই নারী বিভিন্ন সময়ে গ্রিন রোডে অবস্থিত তাঁর অফিসে যাতায়াত করতেন। বিষয়টি মেসবাহ উদ্দিন আহমেদের স্ত্রী জানতে পারার পর অফিসে গিয়ে তাঁর সঙ্গে একাধিকবার বিবাদে জড়িয়ে পড়তেন বলে নথিতে দাবি করা হয়েছে। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অনেকে বিষয়টি জানতেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
নথিতে আরও বলা হয়েছে, ওই নারীকে নিয়ে তিনি বিভিন্ন সময়ে ঢাকার বাইরে দীর্ঘ গাড়িভ্রমণে যেতেন বলে বিএডিসির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী দেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া স্ত্রীর অনুপস্থিতিতে ওই নারীকে বাসায় নিয়ে রাতযাপনের অভিযোগও রয়েছে। বাসার প্রবেশপথে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাঁর স্ত্রী প্রতিবাদ করেন এবং স্বামী-স্ত্রীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে নথিতে দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবেশীদেরও এগিয়ে আসতে হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
মূল নথি অনুযায়ী, পরবর্তী সময়ে তাঁর স্ত্রী এ বিষয়ে বিএডিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন বলে সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানিয়েছেন। আরও অভিযোগ করা হয়েছে, ওই নারীর সঙ্গে সম্পর্কের জেরে তাঁর স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধ সৃষ্টি হয় এবং এক সন্তান থাকা সত্ত্বেও তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।
এসব ঘটনা বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সরকারি প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।
**দুদককে যুক্ত করে স্বাধীন তদন্তের দাবি**
বিএডিসির মতো গুরুত্বপূর্ণ কৃষি প্রতিষ্ঠানে একাধিক সময়ে একই কর্মকর্তাকে ঘিরে ক্রয় অনিয়ম, নিম্নমানের কৃষি উপকরণ সরবরাহ এবং সার আত্মসাতের অভিযোগ ওঠা স্বাভাবিকভাবেই প্রশাসনিক জবাবদিহির প্রশ্ন সামনে নিয়ে এসেছে। বিশেষ করে পূর্ববর্তী তদন্তের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ থাকায় নতুন তদন্ত প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব বা স্বার্থের সংঘাত যেন কাজ করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও অভিযোগকারীদের দাবি, কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পৃক্ত করতে হবে। অভিযোগের আর্থিক ও প্রশাসনিক দিকগুলো যাচাইয়ের পাশাপাশি দরপত্রের নথি, ক্রয়াদেশ, সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকানা ও সক্ষমতা, ব্যাংক লেনদেন, গুদামের মজুত হিসাব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা পরীক্ষা করা প্রয়োজন।
তাঁদের মতে, শুধু বিভাগীয় তদন্তের ওপর নির্ভর না করে দুদকের মাধ্যমে অভিযোগগুলোর আর্থিক সংশ্লিষ্টতা ও সম্ভাব্য দুর্নীতির বিষয়টি আইন অনুযায়ী যাচাই করা হলে তদন্তের গ্রহণযোগ্যতা বাড়বে। প্রয়োজনে দুদক নিজস্ব এখতিয়ার অনুযায়ী অনুসন্ধান বা তদন্তের উদ্যোগ নিতে পারে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়কে বিএডিসির প্রশাসনিক ও ক্রয়সংক্রান্ত নথি পর্যালোচনা করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
**অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য**
অভিযোগের বিষয়ে মেসবাহ উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সঠিক নয় বলে দাবি করেন। তবে নিজের বক্তব্যের সমর্থনে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য, নথিপত্র বা উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেননি।
কৃষকের স্বার্থ, সরকারি অর্থের সুরক্ষা এবং বিএডিসির প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি রক্ষায় এসব অভিযোগের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ নিষ্পত্তি জরুরি। অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে দায়ী করা যেমন সমীচীন নয়, তেমনি গুরুতর অভিযোগ উপেক্ষা করাও দায়িত্বশীল প্রশাসনের কাজ হতে পারে না। তাই কৃষি মন্ত্রণালয় ও দুদকের সমন্বয়ে আইনসম্মত, স্বাধীন ও প্রভাবমুক্ত অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments

Trending News