নড়াইলে চুরি মামলার পলাতক আসামি অন্তর শেখ গ্রেপ্তার, থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা

Date: 2026-11-04
news-banner


মোঃ উলফাদ শেখ,নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের আলোচিত চুরি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি অন্তর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে লোহাগড়া ও যশোরের পৃথক মামলায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এএসআই আজাদ, এএসআই মুস্তাক ও এএসআই তাজিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার অন্তর শেখ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরসুচাইল গ্রামের শেখ বাবর আলীর ছেলে।

 মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকায় প্রতিবেশী শরিফুল শেখ কৌশলে তারেক শেখের বাড়িতে খিচুড়ি দিয়ে যান। ওই খিচুড়ি খাওয়ার পর তারেক শেখ অচেতন হয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে রাত দেড়টার দিকে তিনজন দুর্বৃত্ত বাড়ির সিঁড়ি দিয়ে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর স্ত্রীর গলার চেইন, দেড় ভরি ওজনের হাতের বালা, কানের দুল ও নাকফুলসহ আনুমানিক সাড়ে চার লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তারেক শেখের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৪০/২৫ (GR-L)

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত শেষে মামলার চার্জশিটে তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের হাকিম শেখ ওরফে সুফি সাবের ছেলে ইলিয়াস শেখ, চরঘোনাপাড়া গ্রামের মৃত বাদশা শেখের ছেলে শরিফুল শেখ এবং চরসুচাইল গ্রামের শেখ বাবর আলীর ছেলে অন্তর শেখ। এর মধ্যে ইলিয়াস শেখ ও শরিফুল শেখকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। তাঁরা দীর্ঘদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। অপর আসামি অন্তর শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি আদালতে আত্মসমর্পণ না করে বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, অন্তর শেখের বিরুদ্ধে অন্তত দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি যশোরের মোটরসাইকেল ছিনতাই-সংক্রান্ত মামলার এবং অন্যটি লোহাগড়া থানার চুরি মামলার।এদিকে স্থানীয়দের অভিযোগ, অন্তর শেখ এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত এবং ইলিয়াস শেখের নেতৃত্বাধীন একটি চোরচক্রের সক্রিয় সদস্য।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি অন্তর শেখকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারের ফলে মামলার বিচারিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments

Trending News