নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাকে হত্যা

Date: 2026-11-04
news-banner


রিপোর্টারঃ মোঃ এনামুল হক,নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা মামুন শেখের বিরুদ্ধে।

বুধবার ৪ নভেম্বর ২৬ইং তারিখ সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের সাত্তার শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী,মঙ্গলবার বাড়ির পাশের জমিতে সুপারি গাছের চারা লাগান হাসানুর। বুধবার সকালে গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে তাঁর স্ত্রী সাহেরা বেগমের সঙ্গে ভাতিজা মামুনের কথা-কাটাকাটি হয়। পরে হাসানুর এগিয়ে এলে বিরোধের একপর্যায়ে মামুন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Leave Your Comments

Trending News