নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি হাসান শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হাসান শিকদার লোহাগড়া উপজেলার চরকরফা গ্রামের টুলু শিকদারের ছেলে। নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে এ দণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর সোমবার (২৬ অক্টোবর) লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নির্দেশনায় অভিযান চালানো হয়।
এ সময় এসআই তারেক ও এএসআই কবির মিনার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি হাসান শিকদারকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।