রিপোর্টারঃ দেব প্রসাদ দাস
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের এক বৃদ্ধ নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে নুর ইসলাম মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ১৭ সেপ্টেম্বর '২৬ লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাখিমারা গ্রামের ৬০ বছর বয়সী ওই নারী গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই এলাকার নুর ইসলাম মোল্লা তার ঘরে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ওই নারী।
অভিযোগে আরও বলা হয়, ওই নারী চিৎকার করলে তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগকারীর দাবি।
ওই নারী অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার বাড়িতে এসে তাকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখিয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগপত্রে ঘটনার বিষয়ে সাক্ষী হিসেবে কয়েকজন স্থানীয় বাসিন্দার নামও উল্লেখ করা হয়েছে তবে যোগাযোগ করে তাদের কারও কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এ ঘটনায় অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে নুরইসলাম মোল্লা বলেন, তার বিরুদ্ধে আনা ধর্ষণের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যেই এসব অভিযোগ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আমি সু বিচার কামনা করি।
এ বিষয়ে নড়াগাতী থানার তদন্তকারী এস আই হাসান বলেন, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা এখনও পাওয়া যায়নি, তবে অভিযোগটি পূর্বশত্রুতার জের ধরে ও হয়রানিমূলক হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উৎঘাটন হবে বলে আশাবাদী।