নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বদেশ বিচিত্রার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Date: 2026-11-21
news-banner


নিজস্ব প্রতিবেদকঃ 

নানা আয়োজন আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।

শুক্রবার ২০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পত্রিকার প্রতিনিধি, রাজনীতিবিদ,সাংবাদিক,শিল্পী, কবি-সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পরিণত হয় বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের এক মিলনমেলায়।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কবি অশোক কুমার ধরের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব মারগুব মোর্শেদ।

উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা ডি এ তায়েব, জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবউদ্দৌলা চৌধুরী এবং এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মারগুব মোর্শেদ বলেন, একটি পত্রিকার দশম বর্ষে পদার্পণ করা নিঃসন্দেহে বড় অর্জন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশে সাহসিকতা এবং পাঠকের আস্থা ধরে রাখতে পারলেই একটি গণমাধ্যম দীর্ঘদিন টিকে থাকতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্বদেশ বিচিত্রা আগামী দিনেও নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, দেশের গণমাধ্যমের বিকাশে আঞ্চলিক প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের মানুষের কথা ও এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরার মাধ্যমেই একটি সংবাদপত্র সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে। তাঁরা স্বদেশ বিচিত্রার সম্পাদক, সাংবাদিক ও প্রতিনিধিদের অভিনন্দন জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নাচ, গান ও অভিনয়ের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্বদেশ বিচিত্রার নবম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave Your Comments

Trending News