মোঃ এনামুল হক, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীসহ সরকারের দুই প্রতিমন্ত্রী। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নড়াইল, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কবর জিয়ারতকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ নিহত দুই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন। বৃষ্টিভেজা পরিবেশেও মানুষের এই উপস্থিতিতে পুরো এলাকায় এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নিহত সোহেল ও শাহিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করতে দেখা যায়। তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
নিহত দুই নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও সরকারের দুই প্রতিমন্ত্রী।