রিপোর্ট :গাজী নুরুল হক শাহ চট্টগ্রাম
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম জানানো হয়েছে।
বুধবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা নিজেদের তাজা প্রাণ উৎসর্গ করেছিলেন, তাঁদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি।ভাষা শহীদদের রক্তে রঞ্জিত এই দিনটি বাঙালি জাতির আত্মপরিচয়,গৌরব ও অহংকারের প্রতীক হয়ে আছে।
নেতৃবৃন্দ আরও বলেন,ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না।এটি ছিল বাঙালির আত্মমর্যাদা,সাংস্কৃতিক স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগ পরবর্তীকালে জাতির সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তির সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ভাষা শহীদদের ত্যাগ আমাদেরকে সত্য, ন্যায় ও নীতির পথে অবিচল থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়। সাংবাদিক সমাজ হিসেবে সত্য প্রকাশ, ন্যায় প্রতিষ্ঠা এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরার মাধ্যমে তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করাই আমাদের দায়িত্ব।
সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আগামী প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানানো হয়, যাতে তারা দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
পরিশেষে সংগঠনের নেতৃবৃন্দ মহান শহীদদের আত্মার চিরশান্তি কামনা করেন এবং অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।