বান্দরবানের আলীকদমে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Date: 2026-10-23
news-banner


রিপোর্টারঃ মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় বাড়ির সামনের রাস্তার পাশে একটি তেঁতুলগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. মোজাম্মেল হক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সফুরঘোনা পাহাড়তলী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক ওই এলাকার আবু সুফিয়ানের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর চার মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে মামলার হাজিরার জন্য দুই হাজার টাকা চাওয়া নিয়ে মোজাম্মেল হকের সঙ্গে তাঁর মায়ের কথা-কাটাকাটি হয় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে প্রস্রাব করার কথা বলে তিনি ঘর থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন।

পরে তাঁরা ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মোজাম্মেল হকের স্ত্রী খালেদা বেগম ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তার পাশে একটি তেঁতুলগাছের ডালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা রশি কেটে মরদেহটি গাছ থেকে নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে যান।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, মোজাম্মেল হক একটি চুরির মামলার আসামি ছিলেন। গত মাসে ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে মুক্তি পান। আগামী ২৮ অক্টোবর মামলাটিতে তাঁর আদালতে হাজিরার দিন ধার্য ছিল।

খবর পেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে আলীকদম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।


Leave Your Comments

Trending News