নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নে অবস্থিত বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পার্পণ না করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একুশের প্রথম প্রহরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেও উক্ত বিদ্যালয়ে কোনো আনুষ্ঠানিক পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি দেখা যায়নি। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সচেতন মহলের প্রশ্ন, শহীদ মিনার নির্মাণের মূল উদ্দেশ্যই হলো ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শন ও নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করা। সেখানে জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন না করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেকে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পুষ্পার্পণ না করায় প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যস্ততার অজুহাত দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন ।