নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী পেলেন আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড।
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২মে) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেতার সাংবাদিকতায় তাঁকে এই আ্যওয়ার্ড প্রদান করা হয়। ২০২৫ সালের ২৮ জুলাই বাংলাদেশ বেতারের রাত সাড়ে আটটার সংবাদ (প্রাইমটাইম বুলেটিন) এর জন্যে তাঁকে আরজেএফ জুরি বোর্ড চূড়ান্ত মনোনয়ন ও আ্যওয়ার্ড প্রদান করেন। কেননা, চব্বিশের গণআন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে।
এতে অনেক মানুষ আহত ও নিহত হলেও আহতদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের উপর গোপন নিষেধাজ্ঞা আরোপ করে তৎকালীন ফ্যাসিস্ট সরকার। চিকিৎসা না দেওয়ার জন্য চিকিৎসকের উপর চাপ সৃষ্টি করে। এই বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসক ও সরকারের বক্তব্যসহ তিনি তাঁর প্রতিবেদনে তুলে ধরেন।
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) প্রতিবছর সারাদেশ থেকে যাচাই-বাছাই করে ৫জন সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এই আ্যওয়ার্ড দেওয়া হয়।
সংগঠনের চেয়ারম্যান এস, এম, জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম তাঁর হাতে আ্যওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব।
আরো যারা আ্যওয়ার্ড পেয়েছেন তারা হচ্ছেন, দৈনিক যায়যায়দিন এর সিনিয়র রিপোর্টার এম এইচ সৈকত, দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ মোস্তাফিজ), দৈনিক ঘোষণা'র বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম ও স্টাফ রিপোর্টার মোঃ সজিব।
এদিকে, খোন্দকার এরফান আলী আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার তাঁকে দেশ বিদেশের বিশিষ্ট ব্যাক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
এর আগেও তিনি স্যানিটেশন রিপোর্টিং-এ সরকারিভাবে শ্রেষ্ঠ সাংবাদিকতার পুরস্কারপ্রাপ্তিসহ সাংবাদিকতায় অবদানের জন্য দেশ বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
উল্লেখ্য, জনাব খোন্দকার এরফান আলী ১৯৯২ সালে কলেজ জীবনে সাংবাদিকতা শুরুর পর দীর্ঘ সময়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও পত্রপত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতাসহ চলচ্চিত্র ও শিল্প, সাহিত্য অঙ্গনে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি রাষ্ট্রীয় জনপ্রিয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন।
পেশাগত জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর কোর্স সমন্বয়ক পদে দীর্ঘদিন দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক ফেলোশিপপ্রাপ্ত গবেষক। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্ৰামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।