সিলেট প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নে ভূমিদস্যুতা, সরকারি সম্পদ আত্মসাৎ এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ক্ষমতার পালাবদলকে পুঁজি করে ভোল পাল্টানো এই ব্যক্তির অপকর্মের সংবাদ প্রকাশ করায় হয়রানির শিকার হচ্ছেন এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি ও ‘বাংলাদেশ প্রতিক্ষণ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জহুরুল ইসলাম। সাংবাদিক জহুরুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও অভিযোগ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছে সিলেটের সাংবাদিক সমাজ।
ভোল পাল্টে বেপরোয়া জাকির : স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা ইউনিয়নের তুরুগাঁওয়ের আব্দুস সোবহানের ছেলে জাকির হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর দলীয় প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ৫ আগস্টের পর ভোল পাল্টে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। তার বিরুদ্ধে পাহাড়-টিলা কাটা, কৃষি জমির মাটি বিক্রি এবং সরকারি খাস জমি দখলের পাহাড়সম অভিযোগ রয়েছে।
পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের মহোৎসব: অভিযোগ রয়েছে, ২০২৪ সালে বাঘা বটতলা (ডাবিল) এলাকার সরকারি খেলার মাঠের মাটি কেটে বিক্রি করে মাঠটি ধ্বংস করে দিয়েছেন জাকির। গত ১৫ ফেব্রুয়ারি লালনগর মাদরাসার পিছনের কৃষি জমি থেকে মাটি কাটার সময় প্রশাসন বাধা দিলেও রাতের আঁধারে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যান।
এছাড়া কানাইঘাটের ফতেগঞ্জ মৌজায় জালিয়াতির মাধ্যমে ১০ একর সরকারি জমি নিজের নামে লিখে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাদক, জুয়া ও চারিত্রিক স্খলন : অনুসন্ধানে জানা যায়, জাকির হোসেন ও তার সহযোগী লালনগর গ্রামের সমুছল ইসলাম এলাকায় ভেজাল মবিল কারখানা নিয়ন্ত্রণ করেন। রাতে সমুছলের বাড়িতে বসে জুয়া ও মাদকের আসর। শুধু তাই নয়, সমুছলের লালনগরে কর্মরত গৃহকর্মীর সাথে অনৈতিক সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তানের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগও রয়েছে জাকিরের বিরুদ্ধে। বর্তমানে ওই নারীকে গোলাপগঞ্জ বাজারের পাশে একটি কলোনিতে লুকিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।
সাংবাদিকদের কলম রুখতে মিথ্যা মামলা: জাকিরের এসব অপকর্ম নিয়ে সাপ্তাহিক ‘হলি সিলেট’ পত্রিকার লাইভ পেজে সংবাদ প্রচার করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিক জহুরুল ইসলাম ও তার ভাই জয়নাল আবেদীনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন। এর প্রতিবাদে গত ৮ এপ্রিল সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে পাল্টা লিখিত অভিযোগ (ডকেট নং- ২০৪২/২০২৬ ইং) দিয়েছেন সাংবাদিক জহুরুল ইসলাম।
প্রশাসনের প্রতি দাবি : সাংবাদিক জহুরুল ইসলামের ওপর এমন হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে সিলেট সিটি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক জহুরুলের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং ভূমিদস্যু জাকির ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।