নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক প্রয়োগে ২০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

Date: 2026-02-08
news-banner

পূর্ব শত্রুতার জেরে নওগাঁর নিয়ামতপুরে প্রায় ২০ বিঘা জমির ধানক্ষেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার গুরুতর অভিযোগ উঠেছে।

‎ঘটনাটি ঘটেছে নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জুমার নামাজ চলাকালীন সময়ে দুর্বৃত্তরা ধানক্ষেতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে।

‎এ ঘটনায় ভুক্তভোগী সাকিল হোসেন বাদী হয়ে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎ভুক্তভোগী সাকিল হোসেন  বলেন,এই জমি থেকে আমি নিজে যেমন জীবিকা নির্বাহ করি, তেমনি কয়েকজন গরিব কৃষক বর্গা নিয়ে চাষ করেন। কীটনাশক দিয়ে ধান নষ্ট করায় শুধু আমার নয়, তাদেরও অনেক ক্ষতি হয়েছো। আমি সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

‎বর্গাচাষিরা  বলেন,আমরা গরিব মানুষ, ধারদেনা করে চাষ করেছি। এখন সব শেষ। আমাদের পরিবারের ভরণপোষণ কীভাবে হবে বুঝতে পারছি না।তারা প্রশাসনের কাছে দাবি করেন যেন দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

‎স্থানীয় বাসিন্দারা বলেন,জুমার নামাজের সময় এমন বিষ প্রয়োগের ঘটনা খুবই নৃশংস। এতে শুধু একজন কৃষক নয়, পুরো এলাকার কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎এ ঘটনায় অভিযুক্তরা হলেন,হাসান, মামুন রশিদ, ইমরান আলী, নয়ন, নুর ইসলাম ও ফয়সাল। অভিযোগে বলা হয়েছে, তারা আগে থেকেই সাকিল হোসেনের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন।

‎এই বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এই জমি আমাদের সম্পত্তি। আমাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

‎নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments

Trending News