নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গাবতলি এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন গাবতলি এলাকার সাইদুর হোসেনের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। এ সময় দেলোয়ার হোসেন তার মোটরসাইকেলটি মূল সড়কের ওপর দাঁড় করিয়ে রাখলে যানজটের সৃষ্টি হয়। দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের জন্য তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে অনুরোধ করেন।
প্রথমবার নির্দেশনা উপেক্ষা করার পর দ্বিতীয়বার বললে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে এএসআই সিদ্দিকুর রহমানের পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন ও তাকে কিল-ঘুষি মারেন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য চালকরা এগিয়ে এসে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করেন।
এ বিষয়ে এএসআই সিদ্দিকুর রহমান জানান, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে সবাইকে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তাকে সরতে বলায় তিনি আমার ওপর হামলা চালান।পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।