ডেস্ক রিপোর্টঃ
নড়াইল জেলা লোহাগড়া উপজেলায় চাকুরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য তাজু শেখ(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী নারী (৩৭)বাদী হয়ে লোহাগড়া থানায় দায়ের করা লিখিত এজাহারে উল্লেখ করেন,গত ২৫ মার্চ পারিবারিক কলহের জেরে তিনি স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।তারপর অভিযুক্ত তাজু শেখ বিষয়টি জানতে পেরে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং গার্মেন্টসে চাকুরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয় এবং নাগরিক সনদ দেওয়ার কথাও বলেন।
এজাহার সূত্রে আরও জানা যায়,একই দিন বেলা সাড়ে ১১টার দিকে চাকুরির বিষয়ে কথা বলার জন্য তাজু শেখ তাকে নিজের বাড়িতে ডেকে নেন।সেখানে একটি কক্ষে বসিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাকে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে বিদায় করেন।
পরবর্তীতে ওই নারী চাকুরির আশায় সাভারে গেলেও কোনো ব্যবস্থা করতে না পেরে গত ৬ এপ্রিল বাড়িতে ফিরে আসেন।পরে বিষয়টি স্বামী ও আত্মীয়স্বজনদের জানিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর(তদন্ত)অজিত কুমার রায় জানান,নারীর প্রতি সহিংসতার ঘটনায় পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।