‎নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন গ্রেফতার

Date: 2026-02-22
news-banner

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে বিয়েবাড়ি থেকে এক তরুণীকে কৌশলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়ামতপুর থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে তিনজনকে গ্রেফতার করেছে।
‎গ্রেফতারকৃতরা হলেন,লথিরাম সরেনের ছেলে অরুপ (২০), খুদিরাম হাসদার ছেলে রঞ্জন হাসদা (১৯) এবং ইশ্বর সরেনের ছেলে প্রশান্ত সরেন (১৯)। তাদের সকলের বাড়ি ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে।
‎ভুক্তভোগীর খালার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাবরিপাড়া গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয়-স্বজনরা সেখানে উপস্থিত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়।
‎অভিযোগে উল্লেখ করা হয়, পরে তাকে স্থানীয় একটি খলিয়ানে নিয়ে গিয়ে তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
‎ঘটনার পর ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।
‎এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মামলার প্রেক্ষিতে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments

Trending News