রিপোর্ট- নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রী জেসমিন খানমকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী জসিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। আহত জেসমিন খানম করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং মমরেজ শেখের ছেলে জসিম শেখের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ তুলে জসিম শেখ তার স্ত্রীর ওপর চড়াও হন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মকভাবে জখম করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরন করা হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।