রিপোর্টারঃ নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের (সওদাগর পাড়ায়) ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত স্বামীর ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
আহত রুবেল শেখ (২৮) যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত এবং স্ত্রী আদরী বেগমকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আদরী বেগম (২০) গোপীনাথপুর গ্রামের বাদলের মেয়ে।
ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগ, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার ভোরে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী বুকের ওপর বসে ধারালো ব্লেডজাতীয় বস্তু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার ক্ষতস্থানে আটটি সেলাই দেন। রুবেল শেখ জানান, তিনি এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করবেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আদরী বেগমকে আটক করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।