রিপোর্ট -ক্রাইম রিপোর্টার,জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ইয়াবাসহ মো. ইয়াসির আরাফাত শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার লক্ষ্মীপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার।
দণ্ডপ্রাপ্ত মো. ইয়াসির আরাফাত শেখ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের মো. ছত্তার শেখের ছেলে।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ডিএনসির একটি দল লক্ষ্মীপাশা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ইয়াসির আরাফাতকে হেফাজতে নেওয়া হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহারিয়ার হোসেন অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপপরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে আদালত তাকে জেল-জরিমানা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।