নড়াইলে চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত কিশোরীর মৃত্যু

Date: 2026-07-06
news-banner


মোঃ এনামুল হক,নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা লোহাগড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই একটি ট্রাক সড়কের পাশের একটি বসত ঘরের ওপর উল্টে পড়ে, ঘরে ঘুমিয়ে থাকা ১৫ বছর বয়সী এক কিশোরী চাপা পড়ে মারা যায়। রবিবার ৫ জুলাই রাত আনুমানিক ১২টার দিকে উপজেলায় নলদি বাজার সংলগ্ন নলদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ওই কিশোরীর ছোট বোন আহত হয়েছে। নিহত কিশোরীর নাম শামিমা আক্তার সেতু (১৫)। আহত তার আপন বোন মিতু (১৩)। তারা নলদি ইউনিয়নের নলদি গ্রামের স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো.হাফিজার মোল্যা মেয়ে।

নিহত শামিমা স্থানীয় নলদি বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে একটি পাথরবোঝাই ট্রাক লোহাগড়া উপজেলার মিঠাপুর হয়ে ব্রাহ্মণডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সেতু নির্মাণের কাজ হওয়ায় রাস্তা ভুলে নলদি গ্রামীণ সড়কে ডুকে পড়ে ট্রাকটি। রাস্তা সরু হওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বসতঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা কিশোরী শামিমা ও তার বোন মিতু ট্রাক ও পাথরের নিচে চাপা পড়ে। 

দুর্ঘটনার পর স্থানীয় লোক ছুটে এসে তাদের উদ্ধার কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ট্রাকের অংশ ও পাথর সরিয়ে কিশোরীর শামিমার মরদেহ উদ্ধার করা হয়। তার আপন বোনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার থেকে এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে ঘটনার সঙ্গে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Leave Your Comments

Trending News