ডেস্ক রিপোর্টঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় সড়ক ও জনদুর্ভোগ কমাতে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার(৬ এপ্রিল ২০২৬)দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (রোডস অ্যান্ড হাইওয়ে) কর্মকর্তারা, বাংলাদেশ পুলিশ,হাইওয়ে পুলিশ,গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার,সোনারগাঁ থানা পুলিশ এবং কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় সড়ক ও জনপথের জায়গা দখল করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভাসমান দোকান বসিয়ে আসছিলেন। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছিল।
এ প্রেক্ষাপটে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সড়কের দুই পাশ থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়া হয় এবং দখলমুক্ত করা হয় সড়ক ও জনপথের জমি।
অভিযান শেষে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা গণমাধ্যমকে জানান,সড়ক ও জনপথের জায়গায় যেন ভবিষ্যতে কেউ অবৈধভাবে দোকান বসাতে না পারে,সে বিষয়ে তারা সর্বদা সতর্ক থাকবেন।তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে সবার সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান,ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।